শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে প্রায় ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কাজী এনামুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বন্দিদের আইনি সুরক্ষা ও দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। দূতাবাসগুলোর মাধ্যমে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ, আইনি পরামর্শ এবং অসচ্ছলদের সরকারি খরচে আইনজীবী ও বিমান টিকিটের ব্যবস্থা করা হয়। এছাড়া মেয়াদ শেষে দ্রুত ট্রাভেল পাস ইস্যু এবং বিশেষ ক্ষেত্রে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টাও চালানো হয়।
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যৌথভাবে এসব সেবা দিচ্ছে। এছাড়া বিদেশে আটক নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে খুব শিগগিরই একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হবে।