শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিরোধী দলের তীব্র আপত্তি ও দাবি সত্ত্বেও তাদের মাত্র একটিতে সভাপতি পদ দিয়ে ১৩তম জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন করেছে সরকারি দল। বিরোধীদের পক্ষ থেকে ২৬ শতাংশ সভাপতি পদের দাবি তোলা হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রী ও হুইপদের এসব স্থায়ী কমিটিতে সভাপতি করার বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উদ্বেগ ও আপত্তিও আমলে নেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে চিফ হুইপ নূরুল ইসলাম মনির উত্থাপিত নতুন চারটি স্থায়ী কমিটির প্রস্তাব কণ্ঠভোটে পাসের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হয়। মোট ৫০টি কমিটির মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত। এর মধ্যে কেবল পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি করা হয়েছে বিরোধীদলীয় উপনেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে; মন্ত্রণালয় সম্পর্কিত কোনো কমিটিতেই বিরোধীদের চেয়ারম্যান পদ দেওয়া হয়নি।
সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছিল, বিরোধীদের আনুপাতিক হারে সভাপতি পদ পেতে হলে প্রথমে সংবিধান সংস্কার সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটিতে যোগ দিতে হবে। তবে বিরোধী দল সেই শর্ত প্রত্যাখ্যান করে জুলাই সনদের আলোকে স্থায়ী কমিটির সভাপতি বণ্টন চেয়েছিল।
কমিটি গঠনের পর বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, তাদের দেওয়া তালিকা পরিবর্তন করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে বিরোধী প্রতিনিধিত্ব কমিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, কার্যপ্রণালি বিধির রীতিনীতি উপেক্ষা করে মন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত চিফ হুইপসহ একাধিক হুইপ ও উপদেষ্টাকে বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্পিকার। তিনি প্রশ্ন তোলেন, আইনসভার কাছে নির্বাহী বিভাগের জবাবদিহিতার নীতি অনুযায়ী নির্বাহী বিভাগের সদস্যরা নিজেরাই কমিটির সভাপতি হলে কীভাবে জবাবদিহিতা নিশ্চিত হবে।