মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ‘স্বৈরাচারী মিম’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সামরিক পোশাকে স্বৈরশাসক রূপে নিজেকে উপস্থাপন করা এসব ব্যঙ্গচিত্রকে তিনি ‘রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাব’ বলে উল্লেখ করেছেন।
ফরাসি গণমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই ফুটবলার জানান, দলে তাঁর কথিত অতিরিক্ত প্রভাব ও ক্ষমতা বোঝাতে সামাজিক মাধ্যমে তাঁকে ‘ডিক্টেটর এমবাপে’ হিসেবে ব্যঙ্গ করা হচ্ছে। বিষয়টির একাংশ রসাত্মক হলেও অন্য অংশটি উদ্বেগজনক। এমবাপের মতে, ইতিহাসে যারা গণহত্যা বা কোটি মানুষের দুর্দশার কারণ হয়েছেন, তাঁদের সঙ্গে কোনো ক্রীড়াবিদের তুলনা মোটেও শোভনীয় নয়।
অবশ্য জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলের দেওয়া কঙ্গোর সাবেক স্বৈরশাসকের নামানুসারে ‘মবুতু’ ডাকনামটিকে স্রেফ বন্ধুত্বপূর্ণ ঠাট্টা হিসেবেই দেখছেন তিনি। মাঠের বাইরে এমন বিতর্ক থাকলেও মাঠে দুর্দান্ত ফর্মে আছেন এমবাপে; চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ ম্যাচে করেছেন পাঁচটি গোল।