মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপি ক্ষমতায় থাকায় দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী । শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “শুধু মন্ত্রী বা সংসদ সদস্য হওয়াই সরকারের অংশ হওয়া নয়; দলের নেতাকর্মীদেরও সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র ও প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম। অতীতের আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ওপর জেল-জুলুম ও ত্যাগের কথাও তিনি স্মরণ করেন ।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য শিক্ষার আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও গণবান্ধব উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি ।