মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলার মাত্র কিছুক্ষণ আগেই একই রেলপথ দিয়ে ইউক্রেন ত্যাগ করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। হামলার পূর্বাভাস পেয়ে যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া (Ukrzaliznytsia) জানায়, পশ্চিমাঞ্চলীয় ভলিন অঞ্চলের ইয়াহোদিন এলাকায় পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের লোকোমোটিভে (ইঞ্জিন) আঘাত হানে রুশ ড্রোন। হামলার মাত্র ১৫ মিনিট আগে ওই ট্রেনের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কিয়েভে একটি আন্তর্জাতিক সম্মেলন শেষে বরিস জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এবং সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস একই পথ দিয়ে ফিরছিলেন। হামলার ঝুঁকি থাকায় কূটনৈতিক ট্রেনটির সময়সূচি এগিয়ে এনে আগেই স্টেশন ছাড়ার ব্যবস্থা করা হয়েছিল। রেল কর্তৃপক্ষের দাবি, এই কূটনৈতিক বহরকে লক্ষ্য করেই সম্ভবত হামলাটি চালানো হয়। তবে মস্কোর দাবি, তারা ইউক্রেনের ‘রেল অবকাঠামো’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
হামলার তীব্র নিন্দা জানিয়ে বরিস জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে এমন হামলা অর্থহীন ও বর্বর। তিনি দ্রুত ইউক্রেনকে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান। এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা রাশিয়ার ওপর আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। পোল্যান্ড সীমান্তের মাত্র দুই কিলোমিটারের মধ্যে এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি সতর্ক করে বলেন, রুশ উসকানি এখন সীমান্তবর্তী অঞ্চলে বাস্তব রূপ নিচ্ছে।