মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং ক্রীড়াচর্চায় আগ্রহী করতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। ২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পৃথক ও বাধ্যতামূলক পাঠ্যপুস্তক যুক্ত করা হচ্ছে। বইটির পাণ্ডুলিপি প্রস্তুত এবং বর্তমানে তা পর্যালোচনা ও পরিমার্জনের পর্যায়ে রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতাভুক্ত ১০টি খেলাকে এই পাঠ্যপুস্তকে প্রাধান্য দেওয়া হবে। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে এ কর্মসূচিতে প্রায় ১৫ লাখ শিশু নিবন্ধন করেছে, যা ২০ লাখে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, বাছাইকৃত প্রতিভাবানদের বিকেএসপিতে বিনা খরচে পড়ালেখা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়া কার্যক্রম জোরদার করতে দেশের ৫০৩টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ২০১টি ইতিমধ্যে অনুমোদিত। সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশকে পদক জয়ের উপযোগী করে গড়ে তোলা।