বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার কর সংক্রান্ত মামলায় সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, বিষয়টি সম্পূর্ণ বিচার বিভাগের আওতাধীন এবং আইন নিজস্ব গতিতেই চলবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা অন্য কারও প্রতি সরকারের কোনো অনুরাগ বা বিরাগ নেই। কর মওকুফ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের যে রায় হয়েছে, সেই অনুযায়ী সংশ্লিষ্টদের কর পরিশোধ করতে হবে। সংক্ষুব্ধ পক্ষ চাইলে এ নিয়ে আপিল বিভাগে যেতে পারেন, তবে আদালতের রায় সবাইকে মানতে হবে। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ফাঁসির রায় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ব্যক্তির ফাঁসির রায় দেখে উল্লসিত হওয়ার চেয়ে সমাজে ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য।