রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার (১১ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলকে বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় স্পিকার ও প্রতিনিধিদলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি, একই দিনে ৩৭টি দেশের সমন্বয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে আইপিইউ-এর বিশেষ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের এমন নেতৃত্ব অর্জনের মধ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব ও ভাবমূর্তি আরও সুদৃঢ় হলো।