মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতে সরকারবিরোধী ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে নতুন উদ্যোগ ‘মাছি জনতা পার্টি’ (এমজেপি)। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি শুনানিতে করা মন্তব্য—‘মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না’—থেকে অনুপ্রাণিত হয়ে ইনস্টাগ্রামে এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে অ্যাকাউন্টটিতে ৪০ লাখেরও বেশি ভিউ এবং ৩ লাখ ৩০ হাজারের বেশি অনুসারী যুক্ত হয়েছে।
আর্যন নামের এক শিক্ষার্থীর নেতৃত্বে পরিচালিত এই প্ল্যাটফর্মটি বর্তমানে সিজেপির সঙ্গে যোগাযোগ করে যৌথ প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করছে। এর আগে বেকার তরুণদের ব্যঙ্গ করে করা মন্তব্যের প্রতিবাদে গড়ে উঠেছিল ককরোচ জনতা পার্টি, যা পরে বিভিন্ন অনিয়মবিরোধী আন্দোলনে রূপ নেয়। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে সিজেপির আন্দোলন কর্মসূচি পণ্ড হওয়া এবং শীর্ষ নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়ে মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলেছে এমজেপি। ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে শুরু হওয়া এই ইনস্টাগ্রামকেন্দ্রিক উদ্যোগ ভারতের রাজনীতিতে কতটা সংগঠিত রূপ নিতে পারে, তা নিয়েই এখন জোর চর্চা চলছে।