মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের কাছে পাঁচ করবর্ষের বকেয়া ৬৬৬ কোটি টাকার বেশি কর দ্রুত আদায়ের বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনার অংশটুকু স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করে গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটির আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ‘দ্রুত আদায়ের’ অংশটিতে স্থগিতাদেশ প্রদান করেন।
এর আগে গত ১২ অক্টোবর গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা পৃথক দুটি রিট খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের পাশাপাশি কর বকেয়া দ্রুত আদায়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আজকের আদেশের ফলে হাইকোর্টের রায়ের ওই অংশের কার্যক্রম আপাতত স্থগিত থাকছে।