শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দ্বীপকে

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দ্বীপকে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। এ মামলায় তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও তদন্ত সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজে দ্বীপের সঙ্গে দেখা করেন তাহসিফ। মধ্যরাত পর্যন্ত তাঁদের মধ্যে দফায় দফায় মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। এর পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন রাজাবাড়ী নৌঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাঁর সঙ্গে থাকা আইফোন ও হাতঘড়ি দেখে পরিচয় নিশ্চিত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাবর রোড এলাকা থেকে তাহসিফের বন্ধু দ্বীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা তাহসিফের ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।

পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে দ্বীপের বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলেছে। ঘটনার রাতে সেখানে যাওয়ার কারণ নিয়ে তিনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। দ্বীপ দাবি করেছেন, ঘটনার রাতে তাঁরা তুরাগ তীরের মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন পুলিশের পোশাক পরা কয়েকজন তাঁদের ধাওয়া করলে তাহসিফ ভয়ে নদীতে ঝাঁপ দেন এবং দ্বীপ নিজে লুকিয়ে থেকে পালিয়ে যান। তবে ধাওয়া করা ব্যক্তিরা আসলেই পুলিশ সদস্য ছিলেন কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

ছেলের এই মৃত্যুকে স্বাভাবিক বা দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। তিনি এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে প্রকৃত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আটক দ্বীপকে শুক্রবার পিবিআই নৌ পুলিশের কাছে হস্তান্তর করার পর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com