বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বেআইনিভাবে কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের ফলে ব্যস্ততম এই মহাসড়কের প্রায় দুই কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেন এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে বর্তমান বাজারে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে। এই পরিস্থিতিতে বিদ্যমান সাড়ে ১২ হাজার টাকা মূল বেতনে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাদের প্রধান তিন দাবি হলো—পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা, শ্রমিকদের কর্মসংস্থান বঞ্চিত করতে অবৈধ ‘ব্ল্যাকলিস্ট’ বা কালো তালিকাভুক্তি প্রথা চিরতরে বাতিল করা এবং অযৌক্তিকভাবে শ্রমিক ছাঁটাই অবিলম্বে বন্ধ করা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে একেএইচসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে সবাই একত্রিত হয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বিঘ্নিত হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।