বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইউনিয়ন পরিষদের তৃণমূল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী গ্রাম পুলিশ বাহিনীর বহুল পরিচিত পদবিতে যুগোপযোগী পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে বাহিনীর ঐতিহ্যবাহী ‘দফাদার’ পদটি ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদটি ‘গ্রাম পুলিশ’ নামে আনুষ্ঠানিকভাবে অভিহিত হবে। এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর জারি করা সংশোধনীর মাধ্যমে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫’-এ এই পরিবর্তন আনা হয়েছে।
‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৯৬ ও ৪৮ ধারায় সরকারের ওপর অর্পিত ক্ষমতাবলে এ সংশোধনী কার্যকর করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিধিমালার সর্বত্র এখন থেকে ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দদ্বয় প্রতিস্থাপিত হবে। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, সংশোধিত এই আদেশ অবিলম্বে সারা দেশে কার্যকর হবে।