মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পোশাক কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কোনো ধরনের অস্থিতিশীল কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্থিরতার মুখে যেসব কারখানা ইতোমধ্যে বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কড়া বার্তা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিল্পাঞ্চলের কিছু কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই পোশাকশ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে কোনো কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারখানায় উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তিকে আঘাত করার এ ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।”
তিনি আরও জানান, কিছু দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে কারখানায় হামলা বা ভাঙচুরের অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এ ধরনের নাশকতামূলক তৎপরতা রুখতে শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। যারা কারখানা বন্ধের চেষ্টা করবে বা শ্রমিকদের মধ্যে উসকানি ছড়াবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া পূর্ণ বিবেচনায় নিয়েই সরকার ইতিমধ্যে নতুন ‘মজুরি বোর্ড’ গঠন করেছে। এ নিয়ে শ্রমিক প্রতিনিধি ও কারখানা মালিক—উভয় পক্ষের সঙ্গেই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বৈঠকে দুই পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে।
মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিদের দর-কষাকষির মাধ্যমেই বাস্তবসম্মত নতুন মজুরি নির্ধারিত হবে। বর্তমান জীবনযাত্রার ব্যয় এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়—এমন কাঠামো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি চূড়ান্ত করার তাগিদ দেওয়া হয়েছে।”
আলোচনার কার্যকর প্রক্রিয়া যখন চলমান, তখন রাজপথে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো যৌক্তিক কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, “পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু চক্র রাজনৈতিক ফায়দা লুটতে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। রাষ্ট্রের নিরাপত্তা ও শিল্প সুরক্ষায় তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।