সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বিইআরসি এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সোমবার রাত থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে সৌদি আরামকোর নভেম্বর মাসের ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য বৃদ্ধির কারণে বেসরকারি এলপিজির দর বাড়াতে হয়েছে। অক্টোবরের তুলনায় চলতি নভেম্বরে প্রতি টন সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) গড়ে ৪৬ ডলার ৫০ সেন্ট বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের জন্য প্রোপেনের দর প্রতি টন ৭২০ ডলার এবং বিউটেনের দর ৭৮০ ডলার নির্ধারণ করা হয়েছে। ৩৫:৬৫ অনুপাতে এই দুই উপাদানের মিশ্রণের ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে গড় দর দাঁড়িয়েছে ৭৫৯ ডলার।
এদিকে অটোগ্যাসের পাশাপাশি রান্নায় বহুল ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দামও এক লাফে ২২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ১২ কেজি সিলিন্ডারের নতুন সরকারি দর দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকায়।
বিইআরসি উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্যবৃদ্ধি, সামগ্রিক আমদানি ব্যয়, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার এবং পরিবহনসহ প্রাসঙ্গিক খরচ বিবেচনায় নিয়ে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে নিয়মিতভাবে এ দাম সমন্বয় করে থাকে কমিশন।
তবে কমিশনের নির্ধারিত মূল্যে খোলাবাজারে এলপিজি বা অটোগ্যাস পাওয়া নিয়ে গ্রাহকদের ক্ষোভ দীর্ঘদিনের। নির্ধারিত দরের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ বরাবরের মতোই রয়ে গেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এলপিজি ও অটোগ্যাসের দাম একযোগে বাড়ায় একদিকে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পরিচালনা ব্যয় বাড়বে, অন্যদিকে সাধারণ পরিবারের রান্নার মাসিক বাজেটেও বড় ধরনের চাপ তৈরি হবে।