মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে (Severe Cyclonic Storm) রূপ নিয়েছে। সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ভিন্নমুখী হওয়ায় বাংলাদেশের ওপর সরাসরি বড় কোনো দুর্যোগের প্রভাব পড়ার শঙ্কা নেই; সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়, প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ বর্তমানে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যরাত থেকে ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।
সংস্থাটি জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে সপ্তাহের মাঝামাঝি থেকে শীতের আগাম বার্তা হিসেবে তাপমাত্রা কমতে শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।