সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
ঘরের সৌন্দর্য ও সতেজতার ১০ ইনডোর প্ল্যান্ট: বিজ্ঞান কী বলে? ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন, আহত স্ত্রী-মেয়ে স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ‘বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ ময়মনসিংহ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। এতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, নেত্রকোনার কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহন মিয়া এবং সাংবাদিক নেতা এস এম রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। পেশাগত দায়িত্ব পালন ও সমাজের অনিয়ম-দুর্নীতির চিত্র সাহসের সঙ্গে তুলে ধরার কারণেই সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। একজন কলমসৈনিককে গুলি করে হত্যার ঘটনা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত। কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কাছে নতি স্বীকার না করে প্রকৃত খুনি ও নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করার দাবি জানান তাঁরা।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক বলেন, “দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের বিচার যেন সাগর-রুনির মতো দীর্ঘসূত্রতায় হারিয়ে না যায়। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর যেভাবে সারা দেশের সাংবাদিকরা প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন, আলিফ হত্যার ন্যায়বিচারেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক হত্যা করে সত্যের কণ্ঠ রোধ করা যাবে না; প্রয়োজনে সারা দেশের কলমসৈনিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থানকালে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে দুর্বৃত্তরা কাছ থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা পরদিন দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সাজিবুল ইসলাম ওরফে অপূব, আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ, ইমরান ইসলাম ওরফে ইমন এবং মো. সাব্বির আহম্মেদ নামের চারজনকে গ্রেপ্তার করেছে।

নিহত আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

কর্মসূচি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং হত্যার রহস্য উদঘাটনসহ পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান। এ সময় পুলিশ সুপার দ্রুত কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com