সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরের সৌন্দর্য ও সতেজতার ১০ ইনডোর প্ল্যান্ট: বিজ্ঞান কী বলে? ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন, আহত স্ত্রী-মেয়ে স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ

দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত জনপদে শীতের আমেজ নামতেই সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে চোরাকারবারি চক্র। তবে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির মুখে তাদের অপতৎপরতা ভেস্তে গেছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে দিনভর ও মধ্যরাত পর্যন্ত পৃথক ছয়টি সাঁড়াশি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, থামি কাপড়, কয়লা ও পাচারযোগ্য বাংলাদেশি রসুন জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার ৭০০ টাকা।

সোমবার (২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সীমান্তের বিভিন্ন কৌশলগত পয়েন্টে একযোগে এসব চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে গহিন পাহাড়ি ও জঙ্গল এলাকায় পালিয়ে যাওয়ায় সব চালানই মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।

শীতকালকে লক্ষ্য করে চোরাকারবারিদের মূল নজর এখন ভারতীয় গরম কাপড়ের দিকে। রবিবার সকাল ১১টা ২০ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি সংলগ্ন পশ্চিম বিজয়পুর এলাকা থেকে ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করে। সন্ধ্যা ৭টায় লেংগুড়া বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১১৭২/১-এস সংলগ্ন ঐতিহাসিক সাতশহীদের মাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা মূল্যের আরও ৪ পিস কম্বল উদ্ধার করেন।

সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে মধ্যরাতে। রাত ১১টা ৪৫ মিনিটে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪৮ এমপি সংলগ্ন প্রেমবাজার এলাকা থেকে দেড় লাখ টাকা মূল্যের ৩০ পিস ভারতীয় কম্বল জব্দ করে। সব মিলিয়ে দিনভর অভিযানে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোট ৪৪ পিস কম্বল উদ্ধার করা হয়।

এছাড়া দুপুর ১টা ৪০ মিনিটে মহেষখোলা বিওপির সদস্যরা নকলাই এলাকা থেকে ১৬ হাজার ১০০ টাকা মূল্যের ২৩ পিস ভারতীয় থামি কাপড় জব্দ করেন।

পোশাকের পাশাপাশি খনিজ ও কৃষি পণ্য পাচার রোধেও সফল অভিযান চালায় বিজিবি। বিকেল ৪টায় বিজয়পুর বিওপির সদস্যরা জংখল এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা ৩৫ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেন। এর কিছুক্ষণ পর বিকেল ৪টা ৪৫ মিনিটে মহেষখোলা বিওপির আরেকটি দল নকলাই সীমান্ত থেকে ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৪৮০ কেজি ভারতীয় কয়লা আটক করে।

৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত সতর্ক পাহারায় রয়েছেন। রবিবার পৃথক অভিযানে জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com