রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনগুলোতে যাতে এই ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত মেয়র ডা. শাহাদাত হোসেনও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রসঙ্গে বলেন, ‘জনপ্রিয় নেতা ভোটে জয়ী হলেও আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক ফলাফল কেড়ে নিয়েছিল। বিচার বিভাগ ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ তারা ন্যায় বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছে।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ ভুলু, যুগ্ম মহাসচিব মাহমুদ নবী সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।