রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের সামনে উজ্জ্বল কুমার মন্ডল নামে এক আওয়ামী লীগ কর্মীকে মারধরের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভিকটিমকেই গ্রেপ্তার করা বেআইনি। আমি এর বিরুদ্ধে।”
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি জানতাম না তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, বিএনপির লোক হলেও আমি পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। দলীয় নাম ব্যবহার করে যারা এ কাজ করেছে, তারা প্রকৃত রাজনীতিক নয়।”
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ঘটনাটি জানার জন্য পাঠিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সংযত থাকতে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। কেউ আইন হাতে তুলে নেবে না—এটাই আমাদের দলীয় আদর্শ।”
রিজভী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি। থানার ওসিকেও এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। উজ্জ্বল কুমারের ওপর আক্রমণ বেআইনি এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
রিজভী বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮০০ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছি। কেউ যেন এই যাত্রা ব্যাহত করতে না পারে।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে দেশে ভয়াবহ শাসন কায়েম হয়েছে। এই নাটোরে আমার প্রাণ হাতে নিয়ে আসতে হয়েছে।”
২০ নভেম্বর নাটোরের বড়াইগ্রামের কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ পরিবারের সামনে আওয়ামী লীগ কর্মী উজ্জ্বল মন্ডলকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মারধর করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ফৌজদারি আইনের ১৫১ ধারায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠালে আদালত জামিন মঞ্জুর করেন।
ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
রিজভীর বক্তব্যে বিএনপির দলীয় শৃঙ্খলা ও অপরাধের বিরুদ্ধে শক্ত অবস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।