রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বর্তমানে দেশ স্বৈরাচার মুক্ত, এখন আমাদের কাজ দেশ গড়া। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “দেশের মানুষ স্বৈরাচার মুক্ত করেছে, আর এখন দেশ গড়ার পালা। এজন্য আমাদের ৩১ দফা কর্মসূচি রয়েছে। বর্তমানে দেশ ও জাতি নিয়ে যড়ষন্ত্র হচ্ছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাইকে তার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “যে ব্যক্তি, যে বিষয়ে মেধাবী, তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। বিএনপি দেশ গড়তে সবাইকে একত্রিত করে নতুন বাংলাদেশ তৈরি করবে।”
তিনি উল্লেখ করেন, “বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার সময়ের মতো নতুন কুঁড়ির মত সাংস্কৃতিক কর্মী ও দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে।”
তারেক রহমান আরও বলেন, “শুধু ভালো ডাক্তার ও ইঞ্জিনিয়ার তৈরি করলেই হবে না, আমাদের ভালো রাজনীতিবিদও তৈরি করতে হবে। বিএনপি তা করবে।”
তিনি আরও যোগ করেন, “দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিকমানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়দের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। সব কিছু হবে সরকারিভাবে।”
অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আবাস, যুগ্ম-সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ, ব্যারিস্টার হাসান রাজীব প্রধান প্রমুখ।