রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মদনে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

মদনে মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মদন উপজেলায় মামলা তুলে নিতে বাদী জরিনা আক্তারকে হত্যার হুমকি দিয়েছে প্রতিপক্ষ সবুজ মিয়ার লোকজন। নিজের জীবন এবং পরিবারের নিরাপত্তা চেয়ে ৩ ডিসেম্বর মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জরিনা আক্তার। তিনি উপজেলার কাইটাইল ইউনিয়নের বাররী ভগতপুর (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ আগস্ট ২০২৪ তারিখে জরিনা আক্তার ও তার দুই মেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় সবুজ মিয়া ও তার সহযোগীরা। এতে তারা মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর জরিনা মদন থানায় ৭ জন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে একটি মামলা করেন। তবে, মামলার এক আসামি জামিনে মুক্তি পেলেও অন্য আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

জরিনা আক্তার অভিযোগ করেন, “আমার গ্রামের সবুজ মিয়া তিন বছর আগে ১ লাখ ৬০ হাজার টাকা ধার নিয়েছিল। বারবার চাইতে গেলে সে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিতে থাকে। হামলার ঘটনায় আমার দুই মেয়ে সুস্থ হলেও আমি এখনো সম্পূর্ণ সুস্থ নই। বিবাদীরা মামলা তুলে না নিলে আমাদের খুন করার হুমকি দিচ্ছে।”

মদন থানার এসআই মো. সাইদুল ইসলাম জানান, “জরিনা আক্তারের অভিযোগ তদন্ত করছি। ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাউকে পাইনি। মামলার তদন্ত কার্যক্রম আরও জোরদার হবে।”

মদন থানার ওসি নাঈম মো. মোহাম্মদ নাহিদ হাসান বলেন, “আমি বর্তমানে শেরপুরে একটি মামলার স্বাক্ষ্য দিতে গিয়েছি। ফিরে এসে অভিযোগটি নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বিবাদী জোবায়েদের বক্তব্য পাওয়া যায়নি, কারণ তার ফোনটি বন্ধ ছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com