সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

আরেকটি বাধা পার হলেই কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর

আরেকটি বাধা পার হলেই কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর

 

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রায় সাড়ে ১৭ বছর ধরে কারাবন্দি রয়েছেন। দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের মতো মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির এই নেতা ধীরে ধীরে আইনি বাধাগুলো অতিক্রম করছেন।

চলতি বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর আপিল শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় তিনি একাধিক মামলায় খালাস পেয়েছেন। সর্বশেষ, গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ড থেকে খালাস পান।

তবে বাবরের কারামুক্তি এখনও একটি মামলার ওপর নির্ভর করছে। তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আরও একটি যাবজ্জীবন দণ্ডের মামলা হাইকোর্টে বিচারাধীন। যদি এই মামলায় তিনি খালাস পান, তবে তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

লুৎফুজ্জামান বাবর ১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোনার মদন উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে তাকে আটক করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল।

এ বছর তিনি দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড এবং ১০ ট্রাক অস্ত্র মামলায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন।

আইনজীবীদের আশা, বিচারাধীন মামলাতেও খালাস পেলে লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছরের কারাবাস থেকে মুক্তি পাবেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com