রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী সাড়াশি অভিযান চালাচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁয়ের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) এবং ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)। অপূর্ব পেশায় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক এবং বাকী বিল্লাহ টিভি-ফ্রিজ মেকানিক।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার জানান, শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুইজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য প্রস্তুত।
জামালপুরে কর্মরত এসআই শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পানমহাল রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
শফিকুল ইসলামের বাবা শুক্রবার সকালে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।