সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোনার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মো. রহমত আলী (৬৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রহমত আলী বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে রোপণ করা বোরো ধানের ক্ষেত দেখতে যান। তবে তিনি রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা গিয়ে লাশটি রহমত আলীর বলে শনাক্ত করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, “মৃতের পরিবারের ভাষ্যমতে রহমত আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ফসলের মাঠ দেখে নদীর পানিতে হাত-পা ধোয়ার পর তীরে ওঠার সময় স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন।”
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চাইছেন। তবে, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।