সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তিন বছরের শিশু আব্দুল্লাহ জন্ম থেকেই হার্টের জটিল সমস্যায় ভুগছিল। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা ও খাওয়া-দাওয়া করতে পারত না সে। তবে সম্প্রতি সফল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন পেয়েছে এই ছোট্ট শিশুটি।
আব্দুল্লাহর বাবা দিনমজুর খোকন মিয়া ও মা মাজেদা খাতুন সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারায় চরম দুশ্চিন্তায় ছিলেন। এমন কঠিন সময়ে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুরে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল অসহায় মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছেন।
সেখানে গিয়ে চিকিৎসার আর্থিক সংকটের কথা জানালে ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি আব্দুল্লাহকে ভর্তি করা হয় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এবং ২২ ফেব্রুয়ারি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
শিশুটির মা মাজেদা খাতুন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম। কায়সার কামাল সাহেব চিকিৎসার পুরো খরচ বহন করেছেন। এখন আমার ছেলে আল্লাহর রহমতে সুস্থ আছে।”
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ এখন সুস্থ। তার মা-বাবাসহ প্রতিবেশীরা খুশি। মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
শিশুটির সুস্থতায় তার পরিবার ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।