সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোকে ভেঙে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী রুনা লায়লা। দীর্ঘদিনের পারিবারিক সখ্য আর গভীর মমতার সম্পর্কের অবসান হওয়ায় তিনি যেন বাকরুদ্ধ। শোকাতুর প্রতিক্রিয়ায় রুনা লায়লা বলেন, লতা দিদির পর আজ আশা দিদিও চলে গেলেন। এমন মাপের শিল্পী পৃথিবীতে আর জন্মাবে না। আমার চেনা পৃথিবীটাই আজ শূন্য হয়ে গেল।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকর দুজনেই তাকে সন্তানের মতো স্নেহ করতেন। রুনা লায়লার সুরে ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’ গানটির রেকর্ডিংয়ের সময় তাদের শেষ দেখা হয়েছিল। এরপর ফোনে যোগাযোগ থাকলেও গত কয়েকদিন ধরে ফোন করার কথা ভেবেও আর করা হয়নি। এই আক্ষেপ ঝরে পড়ল শিল্পীর কণ্ঠে— “আজ-কাল করতে করতে আর কথা বলা হলো না। এই কষ্ট আমাকে সারাজীবন তাড়িয়ে বেড়াবে।”
আশা ভোঁসলের প্রয়াণে উপমহাদেশীয় সংগীতের এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল, যার অভাব রুনা লায়লার মতো উত্তরসূরিদের হৃদয়ে অপূরণীয় হয়ে থাকবে।