বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্যের সচিবালয় নবান্নে বিএসএফ (সীমান্ত রক্ষা বাহিনী) কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
শুভেন্দু অধিকারী জানান, আজ থেকে রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর “থ্রিডি” (3D) নীতি— “ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট” (চিহ্নিতকরণ, বাদ দেওয়া ও বহিষ্কার) চালু হচ্ছে। এই নীতি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন, তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবেন।
তিনি দাবি করেন, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বড় একটি অংশ বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী। এক বছর আগেই কেন্দ্র সরকার অনুপ্রবেশকারীদের বিএসএফের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেও তৎকালীন রাজ্য সরকারের বিরোধিতার কারণে তা কার্যকর হয়নি।
নতুন নীতি ব্যাখ্যা করে তিনি বলেন, সিএএর আওতার বাইরে থাকা অনুপ্রবেশকারীদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে বিএসএফ সীমান্ত কর্তৃপক্ষের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা নেবে। আজ থেকেই এই নীতি কার্যকর হয়েছে বলে জানান তিনি।