বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
অন্য উচ্চতায় শান্ত

অন্য উচ্চতায় শান্ত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবার টেস্টে হোয়াইটওয়াশের ঐতিহাসিক গৌরব অর্জন করল বাংলাদেশ। বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরকারীদের ৭৮ রানে হারিয়ে এই কীর্তি গড়ে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে টেস্ট ক্রিকেটে টানা চার ম্যাচে পাকিস্তানকে হারানোর রেকর্ড গড়ল বাংলাদেশ।

এই অবিস্মরণীয় জয়ের মধ্য দিয়ে দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সফলতম অধিনায়ক হিসেবে নতুন মাইলফলক ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র ১৮টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে তিনি এনে দিয়েছেন রেকর্ড আটটি জয়। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে, যার অধীনে ৩৪ ম্যাচে এসেছিল সাতটি জয়। তালিকায় ৪ জয় নিয়ে সাকিবের অবস্থান তৃতীয় এবং ৩ জয় নিয়ে মুমিনুল হক চতুর্থ স্থানে আছেন।

ম্যাচ শেষে অধিনায়ক শান্ত দলের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতার প্রশংসা করে আইসিসির প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো বড় দলগুলোর সঙ্গে বেশি বেশি টেস্ট খেলতে চাই। যখন আমরা আরও ম্যাচ খেলার সুযোগ পাব এবং নতুন অভিজ্ঞতা অর্জন করব, তখনই আমাদের দলটা সত্যিকারের শক্তিশালী হয়ে উঠবে।” মাঠের কঠিন সময়ে মুশফিক, লিটন, মিরাজ ও তাইজুলের মতো সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া পরামর্শ ও সমর্থনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সফল এই অধিনায়ক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com