শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

মাঠের উত্তেজনায় ব্রাজিলের ৮ লাল কার্ড, ১-০ গোলে জিতল যুক্তরাষ্ট্র

মাঠের উত্তেজনায় ব্রাজিলের ৮ লাল কার্ড, ১-০ গোলে জিতল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রীতি ম্যাচ হলেও মাঠের উত্তেজনা রূপ নিল তুমুল অপ্রীতিকর ঘটনায়। উত্তর ব্রাজিলের ফোর্তালেজায় যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে স্বাগতিক ব্রাজিল। তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে গেছে লাল কার্ডের রেকর্ড। ম্যাচজুড়ে বিশৃঙ্খল আচরণের দায়ে ব্রাজিলের খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে মোট ৮ জনকে লাল কার্ড দেখানো হয়েছে।

৫৫ হাজারেরও বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের একমাত্র গোলটি আসে ৬৩ মিনিটে, যখন যুক্তরাষ্ট্রের সোফিয়া উইলসনের শট ব্রাজিলের ডিফেন্ডার ইসাবেলার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। পুরো ম্যাচে ব্রাজিল একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি, বিপরীতে যুক্তরাষ্ট্র গোলমুখে শট নেয় ৬টি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তেজনার পারদ চড়লে ব্রাজিলের প্রধান কোচ আর্থুর এলিয়াস এবং তার তিন সহকারী কোচকে টেকনিক্যাল এরিয়া থেকে বহিষ্কার করা হয়। যোগ করা সময়ে যুক্তরাষ্ট্রের এমিলি সনেটকে ধাক্কা দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের বিয়া জেনারাত্তো। এর পরপরই সোফিয়া উইলসনকে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড পান ডিফেন্ডার তারসিয়ানে। ম্যাচ শেষ হওয়ার পরও রেফারিকে উদ্দেশ্য করে ক্ষোভ ঝাড়ায় লাল কার্ড দেখেন ব্রাজিলের ক্যারোলিন ও লুদমিলা।

ম্যাচের অন্যান্য ঘটনার মধ্যে ৩০ মিনিটে হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাজিলের ২০ বছর বয়সী ফরোয়ার্ড দুদিনিয়া। অন্যদিকে, ৮০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ব্রাজিলের জার্সিতে নিজের ২১২তম ম্যাচ খেলেন কিংবদন্তি মার্তা।

উল্লেখ্য, সাও পাওলোতে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জিতেছিল। এই দুই ম্যাচের ভেন্যুগুলো আগামী বছর নারী বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com