রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ষষ্ঠ শিরোপার মিশন নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (১৪ জুন) ভোর ৪টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র হাইভোল্টেজ ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে সেলেসাওরা। অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৮.৬%, ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫% এবং মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮.৮%।
দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপ খরায় থাকা ব্রাজিলের ডাগআউটে এবার রয়েছেন কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি, যিনি ব্রাজিলের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন। এবার সেলেসাওদের মূল ভরসা দারুণ ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনিয়া। তবে কাফ ইনজুরির কারণে এই ম্যাচে থাকছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও বেশ আত্মবিশ্বাসী। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ ও ইসমাইল সাইবারিদের নিয়ে গড়া মরক্কো দলটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বিশেষ করে ২০২৩ সালের শেষ প্রীতি ম্যাচে তারা ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল। ইনজুরি আর মুখোমুখি পরিসংখ্যানের রোমাঞ্চ নিয়ে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।