শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, ইরান তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না। পরিস্থিতি এখন ‘সব অথবা কিছুই নয়’ পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। একইসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দেশের অবকাঠামোতে কোনো হামলা হলে ‘চোখের বদলে চোখ’ নীতিতে ‘শক্তিশালী ও চূড়ান্ত’ জবাব দেওয়া হবে। এমনকি হামলায় সহায়তাকারী দেশগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।
এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালিতে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হলে জবাবে তেহরানের বিদ্যুৎকেন্দ্র বা সেতু ধ্বংস করবে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানি সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানা হবে। আন্তর্জাতিক এই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান।