বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্ব অর্জন করল আর্জেন্টিনা। এক রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় এ প্রতিযোগিতার শিরোপা নিজেদের ঘরে তুলল আলবিসেলেস্তেরা।
প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এ ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল উপহার দেয় আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটেই টমাস বারিউসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে প্রথমার্ধে সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালালেও জালের দেখা পায়নি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার দারুণ গোলে ম্যাচে সমতা ফেরায় সেলেসাওরা। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অবশেষে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লরেঞ্জো সামপ্রেদ। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের স্তব্ধ করে শিরোপার হ্যাটট্রিক নিশ্চিত করে আর্জেন্টিনা।