বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মাত্র ৩৭ বছরের সংক্ষিপ্ত জীবনে বাংলা সাহিত্য ও চলচ্চিত্রাঙ্গনকে সমৃদ্ধ করে গেছেন ক্ষণজন্মা নির্মাতা জহির রায়হান। বুধবার (১৯ আগস্ট) গুণী এই চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিকের জন্মদিন। ‘বাহানা’, ‘বেহুলা’, ‘আনোয়ারা’, ‘জীবন থেকে নেয়া’ ও প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’-এর মতো কালজয়ী সৃষ্টির মাধ্যমে তিনি দেশের শিল্প-সংস্কৃতিতে স্থায়ী আসন করে নিয়েছেন।
বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতাকে রুপালি পর্দায় নিয়ে আসার মূল কারিগর ছিলেন জহির রায়হান। সম্প্রতি এক স্মৃতিচারণে ববিতা জানান, অভিনয়ে আসার কোনো ইচ্ছাই তার ছিল না; পরিবারের অনুরোধ ও জহির রায়হানের উৎসাহেই অনিচ্ছা সত্ত্বেও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। আফজাল চৌধুরীর একটি উর্দু সিনেমার মাধ্যমে ‘পপি’ থেকে তার নতুন নাম হয় ‘ববিতা’। পরবর্তীতে ‘সংসার’ সিনেমায় যে নায়ক রাজ্জাককে ‘বাবা’ ডেকেছিলেন, জহির রায়হানের পরিচালনায় অন্য সিনেমায় সেই রাজ্জাকের বিপরীতে প্রেমিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকে—যার কারণে নির্মাতার বকাও খেয়েছিলেন।
১৯৫৬ সালে চলচ্চিত্রজগতে যুক্ত হওয়া জহির রায়হান ১৯৬১ সালে নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘কখনো আসেনি’। পরবর্তীতে একে একে উপহার দেন বহু দর্শকনন্দিত সিনেমা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ১৯৭৭ সালে মরণোত্তর ‘একুশে পদক’ এবং ১৯৯২ সালে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত হন।