বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
অদম্য ইচ্ছাশক্তি ও মেধার জোরে অনন্য নজির স্থাপন করলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) চার বছর মেয়াদি স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন তিনি।
জান্নাতুল শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর বাবা আফজল আলী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা পারিবারিক ও আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও নিজের অধ্যবসায় এবং কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে যান। পরবর্তীতে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত বিজ্ঞানভিত্তিক এক মাসের সামার স্কুল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে এইউডব্লিউতে বৃত্তিসহ ভর্তির যোগ্যতা অর্জন করেন তিনি।
মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার ও শিক্ষক সমাজ। আর্থিক সীমাবদ্ধতা জয় করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে জান্নাতুলের এই অর্জন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা।