বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ফিকে হয়ে আসায় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুধবার এশিয়ায় প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১.২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৮৫.৩১ ডলার। এর আগে মঙ্গলবারও উভয় বেঞ্চমার্ক গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ দামে লেনদেন শেষ করেছিল। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী বক্তব্য তেল বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলপথটি উন্মুক্ত থাকার দাবি করলেও ইরান শর্তসাপেক্ষে তা চালুর কথা জানিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই রুটে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।