বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। রয়টার্স/ইপসোসের সর্বশেষ চার দিনের জরিপে তাঁর বর্তমান মেয়াদে জনপ্রিয়তার হার নেমে এসেছে সর্বনিম্ন ৩৩ শতাংশে। বিপরীতে তাঁর দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন ৬৪ শতাংশ মার্কিন নাগরিক। চলতি মাসের শুরুতে এই অনুমোদনের হার ছিল ৩৫ শতাংশ। ২০১৭ সালের ডিসেম্বরেও তাঁর জনপ্রিয়তা একই পর্যায়ে নেমেছিল।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও যুক্তরাষ্ট্রে পেট্রলের মূল্যবৃদ্ধিকে ট্রাম্পের জনপ্রিয়তা কমার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিকের ধারণা, এই সামরিক সংঘাত দীর্ঘস্থায়ী হবে। মাত্র ১৬ শতাংশ মানুষ স্বল্পমেয়াদে সংঘাত অবসানের আশা করছেন। এ ছাড়া প্রতি পাঁচজনে মাত্র একজন মনে করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সিদ্ধান্ত সঠিক ছিল।
অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণেও ডেমোক্র্যাটদের প্রতি মার্কিনিদের আস্থা বাড়ছে। অর্থনীতিতে ডেমোক্র্যাটদের ভালো করার পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ এবং রিপাবলিকানদের পক্ষে ৩৫ শতাংশ ভোটার। অভিবাসন নীতিতে রিপাবলিকানরা ৪০-৩৮ ব্যবধানে সামান্য এগিয়ে থাকলেও জানুয়ারির ২৬ শতাংশ পয়েন্টের ব্যবধান প্রায় মুছে গেছে। ইরান পরিস্থিতি ও অর্থনৈতিক চাপ আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।