শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সহিংসতা ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

সহিংসতা ঠেকাতে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্কুলগুলোর জন্য পর্যাপ্ত সরকারি অর্থায়ন, জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ, জরাজীর্ণ ভবনের সংস্কার এবং শিক্ষানীতি নির্ধারণে শিক্ষার্থীদের মতামতের মূল্যায়নের দাবিতে ফ্রান্সে আবারও দেশব্যাপী তীব্র বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানী প্যারিসসহ দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও আধা-সামরিক জঁদার্ম সদস্য মোতায়েন করছে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ছয় মাস আগে শিক্ষার্থীদের এই অসন্তোষ এখন ম্যাক্রোঁ সরকারের জন্য বড় রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই হাইস্কুলগুলোতে শিক্ষকসংকট, ক্লাসরুমে অতিরিক্ত শিক্ষার্থী এবং ভগ্নদশায় থাকা ভবনের বিরুদ্ধে টানা আন্দোলন চলছে। গত সপ্তাহে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় অন্তত দুই শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

শিক্ষার্থীদের অধিকার আন্দোলনের অন্যতম মুখ ১৮ বছর বয়সী সুমাইয়া সারে ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে আমাদের শুধুই ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বাস্তবে যার কিছুই পূরণ হয়নি। আমরা এখন আর কথায় নয়, কাজের প্রমাণ চাই। আমরা স্কুলগুলোতে দৃশ্যমান ও প্রকৃত পরিবর্তন দেখতে চাই।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা দমনে এবার ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে ফরাসি প্রশাসন। শনিবার বিক্ষোভের কারণে ভাঙচুর এড়াতে প্যারিসের ঐতিহাসিক লুভর মিউজিয়াম ও মুসি দ্য ওরসেসহ প্রধান প্রধান পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উন্মুক্ত সড়কের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে কাঠের তক্তা দিয়ে সুরক্ষিত করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা দমনকারী বিশেষ বাহিনী ও প্রশিক্ষণে থাকা পুলিশ সদস্যদেরও মাঠে নামানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা লরাঁ নুনেজ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ১৭ অক্টোবরের ভাঙচুর ও লুটপাটের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি স্থাপনায় হামলা বা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে পুলিশ কাউকে ছাড় দেবে না; আইনভঙ্গকারীদের কঠোর হস্তে দমন করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com