শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) আবারও পুরোদমে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় কারখানায় বাণিজ্যিকভাবে এ উৎপাদন কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তীব্র গ্যাস সংকটের কারণে চলতি বছরের শুরুর দিকে কারখানাটিতে সার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর গত ২০ সেপ্টেম্বর কারখানাটিতে পুনরায় গ্যাস সরবরাহ চালু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাস সংযোগ পাওয়ার পরপরই কারখানার প্রকৌশলী ও শ্রমিকরা পুরোদমে প্ল্যান্ট চালুর প্রাথমিক প্রস্তুতি (স্টার্ট-আপ) শুরু করেন।
এর আগে গত মঙ্গলবার রাতে কারখানায় পরীক্ষামূলকভাবে অ্যামোনিয়া ও ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। তবে প্রায় ৪৩ ঘণ্টা চলার পর বয়লারে হঠাৎ গ্যাস লিকেজ দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন আবারও স্থগিত করা হয়। পরবর্তীতে জরুরি ভিত্তিতে প্রকৌশলীরা লিকেজ মেরামত সম্পন্ন করেন। এরপর পাইপলাইনে গ্যাসের প্রয়োজনীয় চাপ নিশ্চিত হওয়ার পর সব জটিলতা কাটিয়ে শুক্রবার সকাল থেকে কারখানাটিতে নিরবচ্ছিন্নভাবে দানাদার ইউরিয়া উৎপাদন শুরু হয়।
দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন কৃষিপ্রধান অঞ্চলে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে যমুনা সার কারখানা চালু হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় কৃষক ও সার ব্যবসায়ীরা।