শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

৩ দাবিতে গণবিক্ষোভের ডাক এনসিপির

৩ দাবিতে গণবিক্ষোভের ডাক এনসিপির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা তুলে ধরে তিন দফা দাবিতে গণবিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এনসিপির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত ঘোষণা করে গণভোটের মতামতের ভিত্তিতে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন এবং সাইবার আইনসহ অতীতের সব কর্তৃত্ববাদী কালাকানুন পুরোপুরি বাতিল করা।

গণবিক্ষোভের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে দলটি উল্লেখ করে, ফ্যাসিবাদের পতনের পর যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, তা আজ খুন, দলীয় সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধূলিসাৎ হতে বসেছে। সাংবাদিক হত্যা, প্রকাশ্য দিবালোকে সড়কে গণডাকাতি ও হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) পরিসংখ্যান উদ্ধৃত করে অভিযোগ করা হয়, গত নয় মাসে রাজনৈতিক সহিংসতায় ১১৩ জন এবং গণপিটুনিতে ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ৬৩৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া সামাজিক মাধ্যমে সমালোচনার কারণে অন্তত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলার পাশাপাশি বাজারদরের ভয়াবহ চিত্র তুলে ধরে এনসিপি জানায়, চাল, ডাল, তেল ও ডিমসহ নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের নাভিশ্বাস উঠেছে। ৮০০ থেকে ১ হাজার টাকার এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায়। আর ১ হাজার টাকার বিদ্যুৎ বিল এখন ৪ হাজার টাকা ছাড়িয়েছে। বাজারে বোতলজাত সয়াবিন তেল ২০০-২১০ টাকা, চাল ৭০-৯০ টাকা এবং মসুর ডাল ১৫০-১৬০ টাকায় ঠেকেছে।

জনগণের এই চরম দুর্ভোগ ও রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগের রাজপথে সমবেত হতে সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com