শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ট্রাক উল্টে প্রাইভেটকার ও অটোরিকশায় চাপা, মা-ছেলেসহ নিহত ৩

ট্রাক উল্টে প্রাইভেটকার ও অটোরিকশায় চাপা, মা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফরিদপুর-ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী অটোরিকশা ও প্রাইভেটকারের ওপর আড়াআড়িভাবে উল্টে পড়েছে। এতে ট্রাক ও বালুর নিচে চাপা পড়ে অটোরিকশার চালক এবং এক নারী যাত্রী ও তাঁর শিশুপুত্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী একটি বালুবোঝাই ভারী ট্রাক তেঁতুলতলা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে সেগুলোর ওপর আছড়ে পড়ে উল্টে যায়। এতে অটোরিকশা ও প্রাইভেটকার দুটি দুমড়েমুচড়ে বালুর নিচে পুরোপুরি চাপা পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার চালক এবং যাত্রী মা ও ছেলে পিষ্ট হয়ে প্রাণ হারান।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করেন। উল্টে যাওয়া ট্রাকের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; তবে তাঁদের নাম-ঠিকানা শনাক্তে কাজ করছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com