শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরী রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তাঁরা দুজনই সবজিবাহী পিকআপের আরোহী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থেকে সবজি বোঝাই করে পিকআপটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে গাড়িটি খুটাখালীর নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী ‘শ্যামলী এনআর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।