শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত কিংবা হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের প্রকোপ বাড়ার পর থেকে অর্থাৎ গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে সর্বমোট ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। বিপরীতে হাসপাতালগুলো থেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

দেশজুড়ে স্বল্প সময়ের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যুর এমন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে শিশুদের দ্রুত টিকার আওতায় আনা এবং উপসর্গ দেখা দিলে অবিলম্বে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com