শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবের বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শাহেদ আহমেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতের কফিন গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক পরিবারের হাতে তুলে দেন। এ সময় তিনি স্পষ্ট আশ্বস্ত করে বলেন, “নিহত প্রবাসীর পরিবারকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত প্রাণ হারানো মোট ১১ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া সংঘাতময় পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়া বা সংকটে থাকা প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এদিকে সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে রিয়াদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা। মামলার রায় ও মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত হতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সৌদি সরকারের কাছে রায়ের আনুষ্ঠানিক কপি চেয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com