শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল যাঁকে চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাইকে তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এর ব্যত্যয় ঘটিয়ে কেউ দলের সিদ্ধান্তের পথে অন্তরায় হলে তিনি দল থেকে ছিটকে পড়বেন এবং দলের ভেতরে থেকে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকেই ক্ষমা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কড়া বার্তা দেন।
আইনমন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নের তৃণমূলের সার্বিক তথ্য ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেমে সংরক্ষিত থাকবে। ফলে দল কেবল সম্ভাব্য বিজয়ী প্রার্থীকেই (উইনিং ক্যান্ডিডেট) বেছে নেবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “দল যদি জয়ী না হয়, তবে বড় নেতা হয়ে কী লাভ? বিএনপি ক্ষমতায় না এলে আমাদের মতো বড় নেতা বা ভালো মানুষ দিয়ে কিছুই যেত-আসত না। দলই সবার বড় আমানত। তাই পছন্দের প্রার্থী জিততে না পারলে তাঁকে চাপিয়ে দেওয়া যাবে না।” দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিকল্প অবস্থান বা বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, “আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি পুরোপুরি বন্ধ করার। শৈলকুপা থেকেই আমরা সেই দৃষ্টান্ত স্থাপন করেছি, যা এখন পুরো বাংলাদেশজুড়ে কার্যকরভাবে অনুসরণ করা হচ্ছে।”
শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।