বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডিসমিসালের বিশ্বরেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিনে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
রাবাদাকে স্টাম্পিং করার মধ্য দিয়ে এই ইনিংসে লিটনের ডিসমিসালের সংখ্যা দাঁড়ায় ৮-এ। এর আগে মেহেদী হাসান মিরাজের বলে প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটনকে স্টাম্পিং করে রাবাদার সঙ্গে ১১৭ রানের জুটি ভাঙেন লিটন।
রিকেলটনকে আউট করার পরই এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন লিটন। পরে রাবাদাকে স্টাম্পিং করে বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের দখলে নেন টাইগার এই উইকেটরক্ষক।
এর আগে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের রেকর্ড যৌথভাবে দখলে রেখেছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। তাদের সবাইকে ছাড়িয়ে এবার শীর্ষে উঠে এলেন লিটন কুমার দাস।