সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ, গুম ও হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীনসহ ১০ সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এই মামলার আবেদন করেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি নিউমার্কেট থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন—র্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।
বাদীপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এই মামলার শুনানি করেন।
মামলার আবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যায়। দুদিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর দুটি ভুয়া মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পেয়ে থানায় অভিযোগ জানাতে গেলেও কোনো সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়নি।
আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি এখন নিউমার্কেট থানায় এফআইআর হিসেবে নিবন্ধিত হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।