সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার পূর্বধলায় আলোচিত রফিকুল ইসলাম হত্যা মামলার মূল হোতা হৃদয় মিয়া (২৭) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-পরিদর্শক অনিক দেব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ র্যাব-১১ ও ময়মনসিংহ র্যাব-১৪ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হৃদয় মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় মিয়া পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনিয়া গ্রামের আবদুল কদ্দুছের ছেলে। নিহত রফিকুল ইসলাম একই এলাকার শিবপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।
জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মেঘশিমূল পশ্চিমপাড়া এলাকায় হৃদয় মিয়াসহ কয়েকজন বিবাদী রফিকুল ইসলামের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার হাত-পা ভেঙে দেয়।
স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের ভাই আবদুল সাত্তার বাদী হয়ে শিবপুর গ্রামের দুলাল মিয়াকে প্রধান আসামি করে মোট ১১ জনের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ মামলায় এখন পর্যন্ত হৃদয় মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হৃদয় মিয়াকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।