বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন ৪১ বছর বয়সী তারকা কাজল আগরওয়াল। ‘মাগাধীরা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট পাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের শুরু ও বর্তমান সময়ের নানা পরিবর্তন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে কাজল জানান, ২২ বছর আগের তুলনায় বর্তমান যুগের তরুণ অভিনেত্রীদের ওপর কাজের চাপ এবং সোশ্যাল মিডিয়ার নজরদারি অনেক বেশি। নিজের কাজের স্বাধীনতা ও সীমারেখা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অকপটে স্বীকার করেন যে, অনস্ক্রিন অন্তরঙ্গ দৃশ্য বা বিকিনি পরে অভিনয় করার ক্ষেত্রে তাঁর ঘোর আপত্তি ছিল। কাজল বলেন, “সিনেমা বা চরিত্র যত বড়ই হোক না কেন, নিজের কমফোর্ট জোন ও সীমারেখা নিজেকেই নির্ধারণ করতে হবে।”
ব্যক্তিগত জীবনে ২০২০ সালে গৌতম কিচলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কাজলের ‘নীল কিচলু’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। মা হওয়ার পর সাময়িক বিরতি কাটিয়ে আবারও পুরোপুরি ফিট হয়ে রূপালি পর্দায় কামব্যাক করেছেন তিনি। বর্তমানে তাঁর হাতে ‘রামায়ণ-১’, ‘রামায়ণ-২’ এবং ‘ইন্ডিয়ান থ্রি’ সহ মোট পাঁচটি বড় বাজেটের সিনেমার কাজ রয়েছে।