শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আইএমএফের স্থগিত থাকা ঋণ সচল করা এবং নতুন তহবিল পাওয়ার লক্ষ্যে আলোচনা শুরু করেছে সরকার। তবে এই অর্থায়নের ক্ষেত্রে দেশের সামষ্টিক অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতাকে প্রধান শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বর্তমানে সংস্থাটির ফিসকাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ৬ সদস্যের একটি টেকনিক্যাল মিশন ঢাকায় ১০ দিনব্যাপী (১৯-৩০ জুলাই) সফরে রয়েছে। সিনিয়র ইকোনমিস্ট চল সুফাচালাসাইয়ের নেতৃত্বে আসা এই দলটির মূল লক্ষ্য ‘ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক’ (CPD)-এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু নীতি, আর্থিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করা।
উল্লেখ্য, ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি’ (RSF)-এর আওতায় বাংলাদেশ প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সুবিধা পেয়েছিল। এর দুই-তৃতীয়াংশ অর্থ ছাড় হলেও বাকি অংশ স্থগিত রয়েছে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দেশের অবদান ০.৫ শতাংশের কম। এ সংকট মোকাবিলায় ২০২৫-২৬ অর্থবছরে ২৫টি মন্ত্রণালয়ের জন্য ৪২,২০৬.৮৯ কোটি টাকা জলবায়ু খাতে বরাদ্দ রাখা হয়েছে।
সফরকালে আইএমএফ প্রতিনিধি দলটি অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (NBR), বিদ্যুৎ বিভাগ, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। অর্থনীতিবিদদের মতে, দেশের অর্থনৈতিক স্বার্থেই এসব সংস্কার কার্যক্রম এবং জলবায়ু সক্ষমতা বৃদ্ধি ত্বরান্বিত করা প্রয়োজন।